রিপোর্টার্স২৪ ডেস্ক: টেনিস বিশ্বের মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে এবার রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আয়োজক টেনিস অস্ট্রেলিয়া জানায়, চলতি বছরের টুর্নামেন্টে মোট পুরস্কার তহবিল বাড়িয়ে ১১১ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ মিলিয়ন ডলার।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪ দশমিক ১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার করে। এটি গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি, যেখানে চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।
শুধু চ্যাম্পিয়ন নয়, প্রাইজমানি বাড়ানোর সুফল মিলবে টুর্নামেন্টের শুরু থেকেই। প্রথম রাউন্ডে বিদায় নেওয়া খেলোয়াড়রাও এবার পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও থাকছে ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারের পুরস্কার, যা নিম্নর্যাঙ্কের খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা জোরদার করবে।
টুর্নামেন্ট পরিচালক ক্রেগ টাইলে বলেন, এই সিদ্ধান্ত টেনিস অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ। তার ভাষায়, উদীয়মান খেলোয়াড় থেকে শুরু করে গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা সব স্তরের খেলোয়াড় যেন পেশাদার টেনিসে টিকে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরও জানান, ২০২৩ সাল থেকে বাছাইপর্বের প্রাইজমানি ৫৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের আবাসন, চিকিৎসা ও অনুশীলন সুবিধাসহ সামগ্রিক সুযোগ-সুবিধাও উন্নত করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বিশ্ব টেনিসে নতুন প্রতিভা উঠে আসছে এবং দর্শকরাও পাচ্ছেন আরও প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর ম্যাচ।
আগামী ১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। শিরোপা ধরে রাখার মিশনে কোর্টে নামবেন বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ও নারী এককের বর্তমান শিরোপাধারী ম্যাডিসন কিস।
রিপোর্টার্স২৪/ঝুম