শেরপুর প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে শেরপুরে মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’ ও ‘মাদক পরিহার করি, নিজে বাঁচি, আগামী প্রজন্মকে বাঁচাই’ এ ধরনের প্রতিপাদ্যে ৭ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে শপথ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর কমিটি এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন তরুণ-তরুণীকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ।
অন্তর্ভুক্ত বিশিষ্ট সমাজসেবী শেরপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি হিসেবে এবং জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, শেরপুর সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার নুমান আহমেদ, জনউদ্যোগ যুব ফোরামের আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ সকলেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে মাদকবিরোধী একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রিপোর্টার্স২৪/ঝুম