খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার আলম ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিটন চন্দ্র সূত্রধর, চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা ও হেডম্যান উলাপ্রু চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, তা আপনারা সবাই জানেন। আমি শুনেছি এই উপজেলার মানুষ শান্তিপ্রিয় এবং এখানকার পরিবেশ অনেক ভালো। তাই আচরণবিধি মেনে আগামী দিনগুলোতে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণভাবে বজায় থাকবে—এই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, এই উপজেলার উন্নয়নের জন্য কী কী করা প্রয়োজন, তা ইতোমধ্যেই আমি জেনেছি। আমার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকবে, লক্ষ্মীছড়িবাসীর মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা যেন সবসময় বজায় থাকে—সেই আহ্বান রাখেন সকলের প্রতি।
রিপোর্টার্স২৪/এসএন