স্টাফ প্রতিনিধি: বয়স ‘চুরি’ ও ভুয়া সনদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদ সম্পর্কিত রিটের শুনানি শেষে হাইকোর্ট তাকে নিয়ে তদন্ত প্রতিবেদন ১৪ জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়া-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের শুনানি চলাকালীন মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে দুদক ও বিপিসি কর্তৃক প্রস্তুত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা জমা দেওয়া হয়নি।
রিটে উল্লেখ করা হয়, ২০০৯ সালে বিপিসিতে উপ-ব্যবস্থাপক (বিপণন) পদে নিয়োগের সময় তার বয়স ছিল ৩৬ বছর ৪ মাস ২১ দিন, যেখানে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩৩ বছর। এছাড়া চাকরির আবেদনকালে ‘গ্লোয়ার ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের ভুয়া অভিজ্ঞতা সনদ জমা দেওয়ার অভিযোগ রয়েছে।
রিটে আরও দাবি করা হয়েছে, মোরশেদ হোসাইন আজাদ ছাত্রলীগের প্রভাব ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। এছাড়া গত অর্থবছরে বিপিসি মাধ্যমে তেল আমদানিতে ৩৫৬ কোটি ৩ লাখ টাকার হেরফেরের অভিযোগ তদন্তাধীন রয়েছে।
রিটে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও চাকরিচ্যুতির নির্দেশনার আবেদন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি