স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আইসিসি ও সরকারের মধ্যে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, হঠাৎ কোনো মন্তব্য বা সিদ্ধান্ত নয়, বরং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়াই উচিত।
বৃহস্পতিবার ঢাকার সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় টি-১০ ক্রিকেট প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তামিম। আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে দল না পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান এবং সূচি পরিবর্তনে আইসিসির অনাগ্রহ—এই দ্বন্দ্বে বাংলাদেশ অংশ না নিলে পয়েন্ট ও রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তামিম বলেন, অনেক সময় সংলাপের মাধ্যমেই জটিল সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের অবস্থান, ক্রিকেটের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি প্রভাব—সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বিসিবি সভাপতি হলে কী করতেন—এমন প্রশ্নে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতেন। বিসিবিকে স্বাধীন সংস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা জরুরি হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও থাকা দরকার।
ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে নাকি বিপক্ষে—এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে তামিম বলেন, তিনি সংশ্লিষ্ট নন এবং সব তথ্য জানেন না। তবে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে বলেই তিনি মনে করেন। তাই আবেগ নয়, দেশের স্বার্থে সংলাপের মাধ্যমে সমাধানই সবচেয়ে ভালো পথ।
বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা খেলোয়াড়দের প্রস্তুতিতে প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নে তামিম বলেন, খেলোয়াড়রা পেশাদার এবং তারা নিজেদের মতো করেই প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার পরই ভারতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করে তামিম বলেন, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় আসরে নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে।
রিপোর্টার্স২৪/বাবি