স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে শুরুটা ছিল হতাশাজনক। টানা ছয় ম্যাচ হেরে সবার আগে কার্যত বিদায়ের তালিকায় উঠে যায় নোয়াখালী এক্সপ্রেস। তবে শেষ মুহূর্তে এসে চমক দেখাচ্ছে নতুন দলটি। রংপুর রাইডার্সের পর এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল নোয়াখালী।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রান। জবাবে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে অলআউট হয়ে যায় ১৪৩ রানে।
নোয়াখালীর জয়ের নায়ক ছিলেন হাসান ইশাখিল। বিপিএলে অভিষেক ম্যাচেই ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে সৌম্য সরকার করেন ৪৮ রান, আর মোহাম্মদ নবি যোগ করেন ১৭ রান।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। নোয়াখালীর বোলারদের দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবি নেন দুটি করে উইকেট। আবু জায়েদ রাহী নেন একটি উইকেট, একটি ব্যাটসম্যান রানআউটে ফেরেন।
ঢাকার পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ মিঠুন করেন ৩৩ এবং শামীম হোসেন মজুমদার করেন ২৯ রান। নাসির হোসেন রান খাতা খুলতে পারেননি।
এই জয়ে ৮ ম্যাচে নোয়াখালীর পয়েন্ট দাঁড়াল ৪। টেবিলের তলানিতে থাকলেও টানা দুই জয়ে কাগজে-কলমে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো বিপিএলের নতুন দলটি।