রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানি চলছে। সোমবার (১২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের শুনানি, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান উপস্থাপন করতে পারবেন।
এর আগে শনিবার প্রথম দিনে ১–৭০ নম্বর আপিল শুনানি শেষ হয়। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয় এবং গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন পেন্ডিং রাখা হয়েছিল।
রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনে ৭০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর, ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর হয়েছে।
এ প্রসঙ্গে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
রিপোর্টার্স২৪/ঝুম