রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকা তাসকিন আহমেদ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, তাসকিন বর্তমানে চোটে ভুগছেন এবং আপাতত খেলার মতো অবস্থায় নেই। তবে আশার কথা, চোটটি গুরুতর নয়। ফিজিওর পরামর্শে তাসকিন সিলেট ছেড়ে ঢাকায় গেছেন, যেখানে প্রয়োজনীয় স্ক্যান করানো হবে। ফলে নোয়াখালীর বিপক্ষে তাকে একাদশে রাখা সম্ভব হয়নি।
মিঠুন বলেন, এটা পুরোপুরি ফিজিওর বিষয়। ওর এখন বিশ্রাম দরকার। স্ক্যানের জন্য ঢাকায় গেছে। ও ছিল না বলেই খেলেনি।
সোমবার ঢাকার আরেকটি ম্যাচ থাকলেও তাসকিনকে পাওয়া যাবে না। তবে ঢাকা পর্ব শুরু হলে তার খেলার সম্ভাবনা রয়েছে। অধিনায়কের মতে, আনঅফিসিয়ালি যতটুকু জানি, যদি বড় কোনো সমস্যা না থাকে, তাহলে ঢাকা পর্ব থেকে আবার খেলার সুযোগ পাবেন। ওর হাঁটুতে সামান্য সমস্যা হচ্ছে।
সবমিলিয়ে, ঢাকা ক্যাপিটালস সতর্কতার সঙ্গে তাসকিনকে পুরোপুরি ফিট না করা পর্যন্ত মাঠে নামাচ্ছে না।
রিপোর্টার্স২৪/ঝুম