কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগের দিন রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। টানা এসব ঘটনার প্রতিবাদে এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবিতে স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
উখিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তসংলগ্ন কিছু এলাকায় মাইন পুঁতে রাখা রয়েছে। এসব এলাকা চিহ্নিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সীমান্ত এলাকায় যাতায়াত থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে।
মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে হোয়াইক্যং এলাকায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পাশাপাশি গুলিবিদ্ধ শিশু হুফাইজা আফনানের উন্নত চিকিৎসা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল বলেন, এক দিনের ব্যবধানে মাইন বিস্ফোরণে জেলে আহত এবং মিয়ানমারের গুলিতে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সীমান্তবাসী চরম আতঙ্কে রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্ত পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের নিরাপদে থাকতে বলা হয়েছে এবং সড়ক অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি