স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ঋষভ পান্তের চোটে ছিটকে যাওয়ার দুঃসংবাদ পেয়েছিল ভারতীয় শিবির। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নতুন করে বড় বিপর্যয়ের মুখে পড়ল দল। সাইড স্ট্রেইনের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে আর খেলতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
প্রথম ওয়ানডেতে খেলতে নেমেই চোটে পড়েন সুন্দর। প্রথম ইনিংসে পাঁচ ওভার বোলিং করার পরই অস্বস্তিতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। যদিও পরে ব্যাট করতে নামেন, তবে রান নেওয়ার সময় তার শারীরিক কষ্ট স্পষ্ট ছিল। হার্ষিত রানার পরে আট নম্বরে ব্যাট করতে নামেন তিনি।
লোকেশ রাহুলের সঙ্গে ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন সুন্দর। সাত বল খেলে ৭ রান করেন তিনি। ম্যাচের ৪৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কায় জয় নিশ্চিত করেন রাহুল।
ম্যাচ শেষে অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ওয়াশিংটন যে ঠিকমতো দৌড়াতে পারছিল না, সেটা আমি জানতাম না। প্রথম ইনিংসে ওর সামান্য চোটের কথা জানতাম, কিন্তু পরিস্থিতি এতটা গুরুতর তা বুঝতে পারিনি। তবে ও খুব দায়িত্বশীল ব্যাটিং করেছে। আমরা তখন প্রায় প্রতি বলে রান নেওয়ার অবস্থায় ছিলাম, তাই বাড়তি ঝুঁকি নেওয়ার দরকার হয়নি।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে হার্ষিত রানা জানান, ওয়াশিংটন সুন্দরের সাইড স্ট্রেইন হয়েছে। ব্যাটিংয়ের সময় তিনি বেশ ব্যথায় ভুগছিলেন। মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগেই প্রথম ওয়ানডের প্রস্তুতির সময় নেট অনুশীলনে পেশিতে চোট পান ঋষভ পান্ত। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ধ্রুব জুরেল। তবে ওয়াশিংটন সুন্দরের বিকল্প হিসেবে কাকে খেলানো হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই।
সবমিলিয়ে সিরিজের শুরুতেই একের পর এক চোটে বিপর্যস্ত ভারতীয় শিবির।
রিপোর্টার্স২৪/ঝুম