স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিং দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আপনাদের আগামীকালের মধ্যে দাওয়াত পাবেন, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব।
তিনি আরও বলেন, নির্বাচনের পরে দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চান, তবে শর্তও জুড়ে দেন, নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। প্রশাসন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমরা মনে করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।
গত নির্বাচনে ইইউ কোনো প্রতিনিধি দল পাঠায়নি। তবে এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবে, যারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন: সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
নির্বাচন কমিশনের আপিল শুনানি চলমান; ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে। এখনো জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন চূড়ান্ত হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি