ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক শক্তি যাচাই করতে চায় কিংবা সংঘাতের পথে হাঁটে, তাহলে ইরান পূর্ণ প্রস্তুতি নিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছে।
তিনি জানান, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময় যে সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও কার্যকর।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন যদি আমাদের সামরিক শক্তি আবারও পরীক্ষা করতে চায় যা তারা অতীতেও করেছে। তাহলে ইরান প্রস্তুত। তবে আমরা আশা করি যুক্তরাষ্ট্র সংঘাতের বদলে যুক্তিবোধের পরিচয় দিয়ে আলোচনার পথ বেছে নেবে।” একই সঙ্গে তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষার নামে যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তাদের সতর্ক করে দেন।
দেশের ভেতরে চলমান আন্দোলন প্রসঙ্গে আরাগচি দাবি করেন, শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে সশস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।
উল্লেখ্য, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেখান থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূচনা হয়।
মাত্র কয়েক দিনের ব্যবধানে এই আন্দোলন ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে এর প্রভাব পুরো দেশের স্বাভাবিক জীবনযাত্রাকে কার্যত অচল করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের এই বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সরকার যদি কঠোর সামরিক পন্থায় আন্দোলন দমন করে, তবে দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে দেশের অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার সরকার জনগণের কথা শুনতে এবং সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম