রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়। সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সংরক্ষণ, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে জার্মানির অব্যাহত সহায়তার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
মতবিনিময়কালে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
রিপোর্টার্স২৪/ঝুম