ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুরে মানবতার উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত নারী, পুরুষ ও শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মান্দিয়া মডেল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, রঘুনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাওকত মোল্লাসহ আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আর এইচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সময় থেকেই এলাকার প্রবাসী ও চাকরিজীবীদের আর্থিক সহায়তায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন