কুড়িগ্রাম প্রতিনিধি: সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে—এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
মঙ্গলবার দুপুরে (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুর এই সভার আয়োজন করে। এ সময় নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব ও কর্মপরিধি, সাংবাদিক পরিচয়পত্র, যানবাহন (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার সংগ্রহসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তাদির, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা রুপাল মিয়া, কুড়িগ্রাম জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হাসিবুর রহমান হাসিব, মো. ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবু, গোলাম মাওলা সিরাজ প্রমুখ।
মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার ওপর গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রিপোর্টার্স২৪/এসএন