স্টাফ রিপোর্টার: সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট–খামারবাড়ি অভিমুখী অংশ অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে তারা ফার্মগেট মোড়েও অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’,/‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবরোধের ফলে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা নেমে হেঁটেই গন্তব্যের দিকে যেতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তবে দুপুর পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাকিবুল হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানান।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন,আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার বিচার দাবিতে এর আগেও একাধিকবার সড়কে নেমে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। আজ আবারও তারা সড়ক অবরোধে নামলেন।
রিপোর্টার্স২৪/এসসি