রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ধরনের আপস বা বিচ্যুতির সুযোগ নেই—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা ও প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। এই সনদের বাইরে দলটির কোনো ভিন্ন অবস্থান নেই।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে, সেগুলো আমরা জাতীয়ভাবে বাস্তবায়ন করব।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন এবং মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেই মূলনীতি সংবিধান থেকে বিলুপ্ত করেছে, উল্লেখ করেন তিনি।
বিএনপির এই নেতা দৃঢ় কণ্ঠে বলেন, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করা হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে এবং কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সুলতানী, বদরখালী মদিনাতুল মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
রিপোর্টার্স২৪/ঝুম