জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহের আস্তানার পাশে একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হাসান একই উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বিলপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তাকে হত্যা করা হয়েছে। পরকীয়া সংক্রান্ত কারণে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানা গেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, মাজারের পেছনে একটি ঘাসের জমিতে খালি গায়ে উপুড় হয়ে পড়ে থাকা এক যুবককে দেখতে পেয়ে তারা জাতীয় সেবা নম্বর (৯৯৯)-এ খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার রাত থেকেই জাহিদ হাসান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাননি। পরে সকালে অজ্ঞাত লাশের সন্ধান পেয়ে তার আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি জাহিদের বলে শনাক্ত করেন।
এলাকাবাসীর দাবি, একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে জাহিদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। তাদের ধারণা, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে মারধর করে ওই স্থানে ফেলে রেখে যায়। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/এসএন