স্পোর্টস ডেস্ক: গোলপোস্টে দাঁড়িয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন ইয়াসিন বুনো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে তার অসাধারণ দুটি সেভে নাইজেরিয়াকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।
বুধবার রাতে রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটি ছিল রীতিমতো রোমাঞ্চে ভরা। মাঠে উপস্থিত ৬৫ হাজারেরও বেশি দর্শকের সামনে দুই দলই লড়াই করেছে সমানতালে। তবে ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখলে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে স্বাগতিক মরক্কো।
ম্যাচে ৪৯ শতাংশ বলের দখল রেখে মরক্কো গোলের উদ্দেশ্যে নেয় ১৬টি শট, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিতে সক্ষম হয় এবং এর একটি ছিল অন টার্গেটে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত একটি গোল শেষ মুহূর্তে ব্লক করে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। পরে ব্রাহিম দিয়াজের একটি জোরালো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশায় মাথা চাপড়ান দর্শকরা।
খেলার সময় নাইজেরিয়ার লেফটব্যাক ক্যালভিন বাসে মাঠে নামতেই দর্শকদের তীব্র শিসের মুখে পড়েন। তবে চাপের মুখেও হাসিমুখে মাঠে নামেন তিনি। ম্যাচজুড়ে নাইজেরিয়ার যেকোনো খেলোয়াড় বল পেলেই গ্যালারি থেকে শিসের শব্দ ভেসে আসে।
নাইজেরিয়ার একমাত্র উল্লেখযোগ্য আক্রমণ আসে আদেমোলা লুকম্যানের শট থেকে, তবে সেটি সহজেই সামলে নেন বুনো। পুরো ম্যাচজুড়ে ‘সুপার ঈগলস’দের আক্রমণ ছিল বেশ ম্লান।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি। মরক্কোর দিয়াজ, আয়ুব এল কাবি ও আশরাফ হাকিমি একের পর এক সুযোগ নষ্ট করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নাটকীয়তার চূড়ান্ত রূপ নেয় ম্যাচটি। নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি শট ঠেকালেও ইয়াসিন বুনোর সামনে তিনি ছিলেন অসহায়। বুনো স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো ওনিয়েমায়েচির পেনাল্টি সেভ করে মরক্কোকে জয়ের পথে এগিয়ে দেন।
শেষ পর্যন্ত ইয়ুসেফ এন-নেসিরি নির্ভুল শটে জয়সূচক গোলটি করলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মরক্কোর। এর মাধ্যমে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে পৌঁছে যায়।
অন্যদিকে, পেনাল্টি বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখায় ফাইনালে উঠলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়েছিলেন ক্যালভিন বাসে। তবে নাইজেরিয়া ফাইনালে না উঠায় তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বসে থাকতে হবে।
ফাইনালে ওঠার পথে মরক্কোর সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে ইয়াসিন বুনো যিনি আবারও প্রমাণ করলেন, বড় ম্যাচে তিনিই দলের শেষ ভরসা।
রিপোর্টার্স২৪/ঝুম