গাজীপুর প্রতিনিধি : গবেষণা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে কৃষকের লাভ ও বাস্তব উপকার নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে দেশ উপকৃত হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মিলনায়তনে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভুঁইয়া।
কর্মশালায় গত বছর গৃহীত গবেষণা কর্মসূচির অগ্রগতি ও ফলাফল মূল্যায়ন করা হয়। পাশাপাশি এসব অভিজ্ঞতার আলোকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আধুনিক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে এসব প্রযুক্তির কার্যকারিতা যাচাই করে দেশের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী গবেষণা কার্যক্রম নির্ধারণ করা জরুরি।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসিসহ কৃষি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন।
রিপোর্টার্স২৪/এসএন