রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। ফারসিতে শব শব্দের অর্থ ‘রাত’, আর আরবি মেরাজ শব্দের অর্থ ‘ঊর্ধ্বারোহণ’ বা ‘উচ্চতম পর্যায়ে যাত্রা’। ইসলামী ইতিহাসে এটি এমন এক মহিমান্বিত রাত, যখন নবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর হুকুমে আরশে আজিম পর্যন্ত সফর করেন এবং আল্লাহর নৈকট্য লাভ করেন।
এই রাতেই নবীজি (সা.) পৃথিবীতে ফেরার সময় পাঁচ ওয়াক্ত নামাজের বিধান গ্রহণ করেন। এ কারণেই মুসলিমদের কাছে শবে মেরাজ অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্ব প্রতিবছর ২৬ রজবের দিবাগত রাতটিকে শবে মেরাজ হিসেবে উদযাপন করে থাকে।
বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া ও দরুদ পাঠের মাধ্যমে ইবাদত-বন্দেগি করবেন।
ইতিহাস অনুযায়ী, নবীজি (সা.) নবুওতের একাদশ বছরে (৬২০ খ্রিস্টাব্দে) রজব মাসের রাতে হজরত জিবরাইল (আ.)-এর সঙ্গে বোরাক বাহনে চড়ে প্রথমে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেন। সেখানে অন্যান্য নবী-রাসুলদের সঙ্গে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।
এরপর নবীজি (সা.) সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাত্রা করেন, যেখানে নভোমণ্ডল, বেহেশত-দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। এরপর রফরফ বাহনে আরশে আজিম পৌঁছে মহান আল্লাহর দিদার সৌভাগ্য লাভ করেন।
এই মহিমান্বিত রাতের স্মরণেই মুসলমানরা প্রতিদিন নামাজে আত্তাহিয়্যাতু পাঠের মাধ্যমে নবীজি (সা.)’র শবে মেরাজের ঘটনাকে স্মরণ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে তার প্রতিফলন অনুভব করেন।
রিপোর্টার্স২৪/ঝুম