ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সমাবেশের প্রস্তুতি চলছে। সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য বাঁশসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ইতোমধ্যে মাঠে আনা হয়েছে। তার আগমনকে ঘিরে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা একাধিক প্রার্থীকে সঙ্গে নিয়ে সমাবেশের জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণকাজের তদারকি করেন।
জানা গেছে, ২২ জানুয়ারি বিকেল তিনটায় সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় সংলগ্ন মিনি স্টেডিয়াম মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছে বিএনপি। সে লক্ষ্যে দলটির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সমাবেশে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি নিশ্চিত করতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএনপি সূত্র জানায়, বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সকাল থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন।
সকালে পুনিয়াউটে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে দল মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জহিরুল হক খোকন, সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, আলী আজম, মো. আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, মো. আজিম, মিজানুর রহমান, মো. মাহিনসহ অনেকে।
এ সময় বিএনপির ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রচার, মঞ্চ, সাজসজ্জা, অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, মিডিয়া, আপ্যায়ন, সংস্কৃতি ও প্রশাসনিক বিষয়ে মোট নয়টি উপকমিটি গঠন করা হয়। সভায় আশা প্রকাশ করা হয়, তারেক রহমানের আগমনে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
বিকেলে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুবের নেতৃত্বে নেতৃবৃন্দ কুট্টাপাড়ার মিনি স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন। এ সময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে মঞ্চ নির্মাণকাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
মাঠ পরিদর্শন শেষে নেতাকর্মীদের একাংশ মাঠেই নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে আগামী ২২ জানুয়ারি। আমি আশা করি, সেদিন তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দেবেন।’
জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘আমরা আশা করছি, তারেক রহমানের সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটবে। এর মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। সে কারণেই এই সমাবেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
রিপোর্টার্স২৪/আয়েশা