রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব দুপুরে জগদীশচন্দ্র বসু একাডেমি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, সি ইউনিটের সকালের শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২১ জন, যার মধ্যে উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।
তিনি আরও জানান, রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, রোভার স্কাউট, রেঞ্জার্স ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রক্টর অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে ক্যাম্পাসে ২০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত থাকছেন এবং বিভিন্ন একাডেমিক ভবনে পুলিশ সদস্যরা পাহারার দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রায় ৩০০ জন বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের শিক্ষার্থী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রতিটি গেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকছে, যাতে কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। প্রশ্নফাঁস, প্রক্সি পরীক্ষার মতো কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বছরের মতো এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এবার ‘সি’ ইউনিটে মোট আবেদন হয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছেন ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।
রিপোর্টার্স২৪/আয়েশা