বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সানু মৃধা (৭২) নামের এক বৃদ্ধ জামায়াত কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় সানু মৃধা বাজার থেকে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আহত সানু মৃধা অভিযোগ করে বলেন, তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী। রাজনৈতিক কারণে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর লোকজন তার ওপর হামলা চালিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে বাউফল থানার পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসএন