প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 16-01-2026 ইং
সংবাদ শিরোনামঃ স্মার্টফোনে বাবার কাছ থেকে উত্তর পাওয়ার চেষ্টা, শিক্ষার্থী আটক
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষাকালীন সময়ে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারের মাধ্যমে বাবার কাছে পাঠানোর চেষ্টা করার সময় তাকে হাতেনাতে ধরা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র একাডেমি ভবনের কেন্দ্রের ১৪৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে নেওয়া হলে সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীর নাম শামস আজমাইন। তার বাবার নাম রাহিদুল ইসলাম। রোল নম্বর ৩১৩০৭৯৪১। তার বাড়ি নওগাঁ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টায় ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক শিক্ষক তার ওপর নজর রাখেন। একপর্যায়ে দেখা যায়, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলছেন এবং তা মেসেঞ্জারের মাধ্যমে পাঠাচ্ছেন। উত্তর পাওয়ার আগেই তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, প্রশ্নপত্রের ছবি তুলে তিনি তার বাবার কাছে পাঠিয়েছিলেন সমাধান পাওয়ার উদ্দেশ্যে। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে তিনি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “সকালের শিফটে একজন শিক্ষার্থী ডিভাইসসহ ধরা পড়ে, যে এআই ব্যবহার করে প্রশ্ন সমাধানের চেষ্টা করছিল। সেই ঘটনার তদন্ত চলাকালেই আমরা দ্বিতীয় শিফটে আরেক শিক্ষার্থীকে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারের মাধ্যমে পাঠানোর সময় আটক করি। এটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানীতির গুরুতর লঙ্ঘন। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এটি দৃষ্টান্ত হিসেবে কাজ করে।”
তিনি আরও জানান, ঢাকায় অনুষ্ঠিতব্য পরীক্ষার একটি কেন্দ্রেও ডিভাইস ব্যবহারকালে আরও দুইজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।