স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর টাকার লোভে এক যুবককে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন সিফাত হোসেন (২১), সাকিব আল হাসান (১৯), রাইয়ান (২০) ও নয়ন প্রমানিক (২১)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাড্ডার একটি বাসায় নাজমুল হক নিয়াজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা ফারুকুল ইসলাম বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির মাধ্যমে হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়। বুধবার রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে সিফাতকে এবং মগবাজার এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি টেলিভিশন, একটি মোবাইল ফোন ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে নাজমুলের সঙ্গে পরিচয় হয় আসামিদের। পরে অর্থের প্রয়োজনে তারা নাজমুলকে হত্যা করে। সিফাত পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে হত্যা করে এবং মালামাল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।