ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বা টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল ও তার সঙ্গে থাকা বন্ধু আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন তালুকদার মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে নিজ গ্রাম খিরাম মগকাটার উদ্দেশে রওনা হয়েছিলেন। লম্বা টিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি চাঁদের গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আলাউদ্দিন তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা