রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের সময় বেরোবির প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বেরোবির প্রক্টর ড. ফেরদৌসুর রহমান বলেন, আটক পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা তার কাছে অবৈধ কোনো ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আর কেন্দ্র বা হলের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে তা প্রচলিত আইনের আওতাভুক্ত হবে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় দুইভাবে ব্যবস্থা নেওয়া যায়, একটি হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা এবং অন্যটি পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
রিপোর্টার্স২৪/আয়েশা