রিপোর্টার্স২৪ ডেস্ক: পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বরং তারা জনগণের সেবা করার জন্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রের কর্মচারী—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের সেবা করা।
রোববার (১৮ জানুয়ারি) রাজশাহী সারদা পুলিশ একাডেমি-তে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে, মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা মাঠপর্যায়ের পুলিশের আচরণের ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, পুলিশ বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় এক লাখ পুলিশ সদস্যকে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের আরও সতর্ক করে বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। "কোনো পুলিশ সদস্য যদি রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বচ্যুত হয়, তবে সে রাষ্ট্রের ভিত্তিকেই দুর্বল করে দেয়।
তিনি তাদের পেশাগত জীবন এবং সততার মাধ্যমে জনগণের জন্য একটি মানবিক, সাহসী ও গৌরবময় পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
এদিনের অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম