রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি, অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা, গত নভেম্বরে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। দুই মাসের অপেক্ষার পর তারা সম্প্রতি মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন এবং নামও জানালেন।
রোববার (১৮ জানুয়ারি) সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন রাজকুমার রাও। পোস্টে স্ত্রী পত্রলেখাকেও ট্যাগ করা হয়েছে। ছবিতে দেখা যায়, বাবা-মায়ের হাতের মাঝে রয়েছে তাদের কন্যা। ক্যাপশনে তিনি লিখেছেন, হৃদয়ের সবটুকু আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদের পরিচয় করিয়ে দিচ্ছিম পার্বতী পাল রাও।
রাজকুমার-পত্রলেখার এই পোস্টে বলিউড তারকাদের পাশাপাশি অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি মন্তব্যে আনন্দ প্রকাশ করেছেন।
দম্পতির প্রথম সন্তান পার্বতী পাল রাও ২০২৫ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। কাকতালীয়ভাবে সেই দিনটি ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তবে এতদিন তারা সন্তানের নাম বা ছবি প্রকাশ করেননি। দুই মাসের অপেক্ষার পর এবার ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগাভাগি করলেন তারা।
রাজকুমার ও পত্রলেখার সম্পর্কের শুরু প্রায় এক দশক আগে। দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে চণ্ডীগড়ে পারিবারিকভাবে বিয়ে করেন এই জুটি। ২০১৪ সালে ‘সিটিলাইটস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার মধ্য দিয়েই তাদের পরিচয় গড়ে ওঠে।
রিপোর্টার্স২৪/ঝুম