রিপোর্টার্স২৪ ডেস্ক: সময় গড়ালেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছে না। ভারতে ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর একাধিক আলোচনা, ইমেইল আদান প্রদান ও বৈঠক হলেও বাস্তবতা বদলায়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও প্রায় শূন্যের কাছাকাছি।
ভারতের ভেন্যুতে খেলতে অস্বীকৃতির বিষয়টি বিসিবি আনুষ্ঠানিকভাবে জানালে আইসিসির পক্ষ থেকে মেইলের মাধ্যমে জবাব দেওয়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সর্বশেষ শনিবার ঢাকায় বিসিবি কার্যালয়ে আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বৈঠকও হয়েছে। তবে এসব আলোচনার পরও কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ড এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের প্রস্তাব ছিল। বিশ্বকাপে তাদের নির্ধারিত ম্যাচগুলো ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলংকায় আয়োজন করা হোক। এ নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব দেওয়া হলেও সেগুলো আইসিসির কাছ থেকে প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না বলে মনে করছে বিসিবি।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিসিবি খুব শিগগিরই আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে পারে, যেখানে নিজেদের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে। সেই চিঠির পরই আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে আরও কঠোর অবস্থান নিয়েছে। এ কারণেই ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না এই অবস্থানে অনড় রয়েছে বিসিবি।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানের অবস্থানের কারণে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের দাবি উপেক্ষিত হলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবতে পারে। ভারতের ভেন্যুতে খেলতে অস্বীকৃতির প্রশ্নে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের দাবি মানতে হলে বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে পরিবর্তন আনতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে একটি গ্রুপে, যেখানে আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে ওই গ্রুপে স্থানান্তর এবং আয়ারল্যান্ডকে অন্য গ্রুপে সরালেই সমস্যার সমাধান হতে পারে।
তবে এখানেই দেখা দিয়েছে নতুন জটিলতা। আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি নয় বলে জানা গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, আইরিশ সমর্থকরা ইতোমধ্যে নির্দিষ্ট ভেন্যুর জন্য টিকিট কিনে ফেলেছেন। শেষ মুহূর্তে গ্রুপ পরিবর্তন হলে তাদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি হবে। এ কারণেই আয়ারল্যান্ড আপাতত অবস্থান বদলাতে নারাজ।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা, যার সমাধান এখন পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রিপোর্টার্স২৪/ঝুম