মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচুরি সন্দেহে গণপিটুনির ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিংগাইর উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) এবং ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ২টার দিকে মজনু ও দ্বীন ইসলাম গরু চুরির উদ্দেশ্যে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের গ্রামবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুজনকে বেধড়ক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাতেই তাদের ঢাকায় নেওয়া হয়। তবে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন