রিপোর্টার্স২৪ ডেস্ক: সংবিধানে পবিত্র ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ আজীবন বহাল থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। বিসমিল্লাহ নতুন করে যুক্ত হয়নি এবং ভবিষ্যতেও এটি অপসারণের কোনো প্রশ্ন নেই। এটি সবসময় ছিল, আছে এবং থাকবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো উঠছে, সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট উপলক্ষে পরিচালিত প্রচার গাড়ি ও সংশ্লিষ্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম