ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং সাধারণভাবে রাজধানীর তুলনামূলক নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে থাকে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণে একাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত তথ্য যাচাই শেষে প্রকাশ করা হবে।
এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালিভিত্তিক বেসরকারি সংস্থা এনজিও ইমার্জেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছাকাছি স্থানে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর আহত অন্তত ২০ জনকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে হাসপাতালে পৌঁছানোর আগেই সাতজনের মৃত্যু হয়।
২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাবুলসহ বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। বিশেষ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এখনও সক্রিয় রয়েছে এবং তারা সময় সময় হামলা চালিয়ে যাচ্ছে।
চলতি ২০২৫ সালেই আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ এই বিস্ফোরণ দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম