রিপোর্টার্স২৪ডেস্ক: যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপে যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ তা মানবে না।
কিছুদিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে নাটকীয়তা চলছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তে অনড় থাকা স্পষ্ট। বিশেষ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে অবস্থান নিয়েছে তারা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপায়, আমরা তা মেনে নেব না।
বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি খেলবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি আগামীকাল, বুধবার (২১ জানুয়ারি)। গত শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তার বদলে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে কি না এ বিষয়ে কোনো তথ্য নেই, জানিয়েছেন উপদেষ্টা।
আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন এই ইস্যুতে আলোচনা করতে। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।
সংশ্লিষ্ট পক্ষগুলো লজিস্টিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা করছে এবং গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা করছে বিসিবি ও আইসিসি।
রিপোর্টার্স২৪/ঝুম