নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। বর্তমান সময়ে বই না পড়ে ও খাতায় না লিখেও জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটেছে, যা শিক্ষাব্যবস্থার অবনতির প্রমাণ। আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পাশ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশকে পরিচালনা করেছে। আওয়ামীলীগ এই শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য আলাদা বাজেট বরাদ্দের কথা উল্লেখ রয়েছে।
মঙ্গলবার (সকাল ১১টা) নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা এলাকায় আর. কে. দুলু মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আর. কে. দুলু মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ধ্রুব