মানিকগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার (২০জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেওয়া কিছু বক্তব্য দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। বিশেষ করে সংবাদ সম্মেলনে তার বক্তব্যকে দায়িত্বহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়।
সূত্রগুলো আরও জানায়, একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলতে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, যা দল কখনোই মেনে নিতে পারে না। এসব কারণে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করা হয়।
বহিষ্কারের সিদ্ধান্তের পরও আতাউর রহমান আতার পক্ষ থেকে কোনো আত্মসমালোচনামূলক বক্তব্য বা ব্যাখ্যা আসেনি। বরং স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ বলছে, তার একগুঁয়ে আচরণ ও অহংকারই শেষ পর্যন্ত তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে।
এই বহিষ্কারকে স্থানীয় রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন অনেকেই। তাদের মতে, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার চেষ্টা করলে তার পরিণতি কী হতে পারে, আতাউর রহমান আতা তার উদাহরণ হয়ে থাকলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব