আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত–পাকিস্তান সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা (পাকিস্তান সময়) পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পিএএ জানায়, নিষেধাজ্ঞাটি ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আওতায় সামরিক বিমানও অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত নয় মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান আকাশসীমা নিষেধাজ্ঞাই অব্যাহত রাখা হলো।
উল্লেখ্য, ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পাকিস্তানের এই সিদ্ধান্তের জবাবে গত ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান ভারতীয় বিমানের ওপর একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সিদ্ধান্ত দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনারই প্রতিফলন, যার প্রভাব আঞ্চলিক বিমান চলাচলেও পড়ছে।
রিপোর্টার্স২৪/এসসি