বিনোদন ডেস্ক: টালিউডের একসময়ের আলোচিত ও দর্শকপ্রিয় জুটি দেব-শুভশ্রী। বহু বছর আগেই তাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও আজও এই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ কমেনি। সময়ের সঙ্গে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। দেব এখনো অবিবাহিত থাকলেও শুভশ্রী গাঙ্গুলি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার পেতেছেন এবং বর্তমানে দুই সন্তানের মা। তবে ব্যক্তিগত জীবনের পরিবর্তন হলেও অভিনয়ের জগতে দেব-শুভশ্রীর জনপ্রিয়তা এখনো অটুট।
মজার বিষয় হলো, দেব-শুভশ্রীর প্রেমের শুরু হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করার সূত্র ধরেই। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই রাজ চক্রবর্তীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শুভশ্রী। বিয়ের পর থেকেই রাজ-শুভশ্রী দম্পতি টালিউডে এক জনপ্রিয় ও আলোচিত জুটিতে পরিণত হয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী শুভশ্রীর অতীত প্রেম নিয়ে অকপটভাবে কথা বলেছেন রাজ চক্রবর্তী। দেব-শুভশ্রীর সম্পর্কের খুব কাছ থেকে সাক্ষী ছিলেন তিনি। সেই স্মৃতি রোমন্থন করে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ বলেন,
‘আমারও একটা সময় মনে হয়েছিল, দেব আর শুভশ্রীর বিয়ে হলে বোধহয় খারাপ হতো না। তবে এই মন্তব্যের পরই বাস্তবতাকে সহজভাবে মেনে নেওয়ার কথা বলেন রাজ। তার ভাষায়,
‘কিন্তু শুভশ্রী তো শেষ পর্যন্ত আমারই কপালে ছিল, কিছু করার নেই। আবার আমিও শুভশ্রীর কপালেই ছিলাম। আমরা আমাদের জীবনে খুব সুখী। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও নিশ্চয়ই খুব সুখী থাকবে। দেব ভীষণ ভালো ছেলে।’
রাজের এই পরিণত ও উদার মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। অনেকেই মনে করছেন, স্ত্রীর প্রাক্তন প্রেম নিয়ে এমন আত্মবিশ্বাসী ও সম্মানজনক মন্তব্য খুব কম মানুষই করতে পারেন।
এদিকে কাজের জগতেও আবার নতুন করে জুটি বাঁধতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। ‘ধূমকেতু’ ছবির সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে দেবের ৫১তম সিনেমা ‘দেশু ৭’-এ একসঙ্গে অভিনয় করার ঘোষণা দিয়েছেন তারা। সম্প্রতি এক ফেসবুক লাইভে এই তথ্য নিজেরাই নিশ্চিত করেন দুজন।
রাজের মন্তব্যের পর সামাজিক মাধ্যমে রাজ-শুভশ্রী দম্পতিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে, এই বক্তব্য রাজ ও শুভশ্রীর সম্পর্কের গভীর বিশ্বাস ও পরস্পরের প্রতি সম্মানেরই প্রতিফলন। কোনো অস্বস্তি বা আড়াল না রেখে স্ত্রীর অতীতকে স্বীকৃতি দিয়ে রাজ বুঝিয়ে দিয়েছেন, তাদের বর্তমান সম্পর্ক কতটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। শুভশ্রীও বিভিন্ন সময় জানিয়েছেন, রাজের সঙ্গেই তিনি জীবনের কাঙ্ক্ষিত স্থিরতা ও নিরাপত্তা খুঁজে পেয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম