ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তাঁরা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম