সিনিয়র রিপোর্টার: ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ বুধবার (২১ জানুয়ারি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মামলাটি ‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে অংশ নেওয়া ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দায়ের করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এছাড়া, ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৩০ জন আসামির মধ্যে ২০ জনের অব্যাহতির শুনানি হয়েছে। আদালত আগামী ৯ ফেব্রুয়ারি বাকি ১০ আসামির অব্যাহতির শুনানি নির্ধারণ করেছেন।
কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম জয় বাংলা ব্রিগেডের প্রধান কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, একেএম আক্তারুজ্জামান, আল মারুফ, এলাহী নেওয়াজ মাছুম ও সাজ্জাদুল আনাম।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর ভারতে অবস্থান করছেন। তাদের ছাড়া ২৫৬ জন পলাতক, যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে শেখ হাসিনা দেশের বিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মামলার ভিত্তি হিসেবে দেখানো হয়েছে।
রিপোটার্স ২৪/এসসি