শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষ করে মানিক মিয়া বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে ঘুমাতে যান। সে সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আছেন। বিষয়টি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তখন মানিক মিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোটার্স ২৪/এসসি