সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কাজ শুরুর উদ্দেশে সিলেটে পৌঁছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
তারেক রহমানের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশান থেকে রওনা হন তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে।
প্রথম দিনেই তিনি ছয়টি জেলায় সমাবেশে অংশ নেবেন। জেলাগুলো হলো- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রচার শুরু করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, পথিমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এবং নরসিংদী পৌর পার্কে সমাবেশ করবেন। ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অংশ নেবেন। প্রচারণা শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।
রিপোর্টার্স২৪/ধ্রুব