পটুয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ উপলক্ষে প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরণবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সির সঞ্চালনায় সভায় নির্বাচনি আচরণবিধি পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। এছাড়াও বক্তব্য দেন বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বাংলাদেশ জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল, জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য প্রার্থীরা।
সভা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেন রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা
পটুয়াখালী–১ আসন:
আলতাফ হোসেন চৌধুরী — ধানের শীষ
আ. মান্নান হাওলাদার — লাঙ্গল
গৌতম চন্দ্র শীল — মোটরগাড়ি
মোহাম্মদ আব্দুল ওহাব মিনার — ঈগল
মো. ফিরোজ আলম — হাতপাখা
শহিদুল ইসলাম ফাহিম — ট্রাক
পটুয়াখালী–২ আসন:
মালেক হোসেন — হাতপাখা
মো. রুহুল আমীন — ঈগল
মো. শফিকুল ইসলাম — দাঁড়িপাল্লা
মো. সহিদুল আলম তালুকদার — ধানের শীষ
মো. হাবিবুর রহমান — ট্রাক
পটুয়াখালী–৩ আসন:
মুহাম্মদ শাহ আলম — দাঁড়িপাল্লা
মো. আবু বক্কর ছিদ্দিকী — হাতপাখা
মো. নুরুল হক নুর — ট্রাক
স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন — ঘোড়া
পটুয়াখালী–৪ আসন:
এবিএম মোশাররফ হোসেন — ধানের শীষ
ডা. জহির উদ্দিন আহমেদ — দেওয়ালঘড়ি
মোস্তাফিজুর রহমান — হাতপাখা
রবিউল হাসান — ট্রাক
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিপোটার্স ২৪/এসসি