সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামির নারী কর্মীদের ভোট প্রার্থনায় বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৫ জন আহত হন এবং একটি প্রাইভেটকারসহ তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত রুপক কর জানান, জামায়াতের নারী কর্মীরা ভোট প্রার্থনায় গেলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে একটি নারীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরপর বিএনপি সমর্থকরা জামায়াতের নারী কর্মীদের বাধা দেয় এবং অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে উপজেলা জামায়াত, যুব জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাদসহ অন্তত ৫ জন আহত হন। ঘটনাস্থলে ভাংচুর করা হয় জামায়াত নেতা-কর্মীদের বহনকারী একটি প্রাইভেটকার এবং তিনটি মোটরসাইকেল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রিপোটার্স ২৪/এসসি