কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজেদের জীবনমানের উন্নয়ন ও এলাকার সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের ভৈরবে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি পাঁচটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনতার সামনে তুলে ধরে তাদের জয়ী করার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় ভৈরব উপজেলায় অনুষ্ঠিত সমাবেশে তারেক রহমান বলেন, এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন—এলাকার উন্নয়ন, সমস্যার সমাধান সবকিছুর হিসাব।
তিনি বলেন, জনগণের যেমন অধিকার আছে, তেমনি দায়িত্বও আছে। সবাই মিলে আন্দোলন হয়েছে, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা, ঘরে ঘরে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া, কৃষকদের কৃষক কার্ড দেওয়া এবং ইমাম ও খতিবদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হলে ধানের শীষকে জয়ী করার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আপনাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজের মানোন্নয়ন, হাসপাতালগুলোতে ওষুধ ও ডাক্তারের ব্যবস্থা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। এই প্রার্থীদের জয়যুক্ত করলে আপনারা তাদের কাছে গিয়ে বলতে পারবেন—আমাদের সমস্যা সমাধান করুন।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, বলতে পারবেন না?—এ সময় জনতার সমর্থনসূচক সাড়া পাওয়া যায়।
ভোটের দিনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোটের দিন তাহাজ্জুতের নামাজ পড়ে ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে, যাতে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে।
সমাবেশে মঞ্চের সামনের সারিতে বসে থাকা পাঁচ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে দাঁড় করিয়ে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন—
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে আইনজীবী মো. জালাল উদ্দীন,
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক,
কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে সৈয়দ এহসানুল হুদা এবং
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে মো. শরীফুল আলম।
এ ছাড়া কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সমাবেশে উপস্থিত থাকতে পারেননি।