রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে, আবার কোথাও বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগও উঠেছে।
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭
লক্ষ্মীপুর-৩ আসনের ভবানীগঞ্জ এলাকায় পোস্টার ও ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চরভূতা ও চরমনশা এলাকার মধ্যবর্তী রিফিউজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, জামায়াত কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবির নেতা ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেনসহ আরও কয়েকজন।
জামায়াতের কর্মী ফিরোজ আলমের দাবি, বিএনপি কর্মীদের বাধার পর তাদের ওপর হামলা চালানো হয়। তবে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন পাল্টা অভিযোগ করে বলেন, ছোট ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীরাই বিএনপি নেতাকে মারধর করেছেন।
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারে দলীয় প্রচারণাকালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই বিএনপি কর্মী।
নাটোরে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ
নাটোর সদর উপজেলার ছাতনি এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ চলাকালে দলের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির কয়েকজন নেতা-কর্মী তাদের পথরোধ করে লাঞ্ছিত করেন। তবে জেলা বিএনপি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘটনাস্থলে তাদের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষ
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নারী কর্মীকে হেনস্তা এবং দুটি যানবাহন ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
কুমিল্লা-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। হোমনা থানার পুলিশ জানায়, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে।
অন্যান্য সহিংসতার ঘটনা
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীর গাড়িতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সভায় যাওয়ার পথে হামলায় তিনজন আহত হন।
প্রচারণার প্রথম দিনেই এসব ঘটনার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তেজনা ও সহিংসতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/এসএন