সিনিয়র রিপোর্টার: ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনে ঘোষণা দিলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। জামায়াত হোক বা অন্য কেউ এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ আছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে।
জামায়াতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, এই কথাগুলো এখন হাস্যরসে পরিণত হয়েছে। নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্যই তারা এসব বলছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিল ? ৫ আগস্টের পর, ২৪-এর আগস্টের পর হঠাৎ করে এই গুপ্ত বাহিনী বের হয়ে এসেছে।
ইশরাক আরও বলেন, ভোরবেলায় যখন রাস্তায় মানুষজন থাকত না, তখন তারা অন্ধকারে মিছিল করে চলে যেত। অথচ বিএনপি রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে এবং গুলির মুখে অবস্থান করেছে।
ঢাকা শহরের সব আসনে জামায়াত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো শুধু তাদের নেতাকর্মীদের সাহস জোগানোর কৌশল। অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলে দিতে চাই, নির্বাচনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করবো।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোটার্স ২৪/এসসি