ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের চেকপোস্ট চলাকালে কনস্টেবল ইজাজুল হক এজাজকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে পৌরশহরের পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল ইজাজুল হক এজাজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতেই রুহুল আমিন খান (৫৫) নামে একজনকে আটক করে। পরে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অপর আসামি রুহুল আমিন খানের ছেলে লিয়ন খানকে গ্রেপ্তার করা হয়।
হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা