রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। ভাসানটেকের বিআরবি মাঠে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম জানান, তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে জনসভাস্থলে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে একটি সফল ও জনসমুদ্রে রূপ নেওয়া সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি আরও দাবি করেন, ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল সমর্থনে তারেক রহমান নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেশের সাতটি জেলায় ধারাবাহিক জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনসভায় বক্তব্য দেন।
সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউসিয়া এলাকায় জনসভা শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
রিপোর্টার্স২৪/আয়েশা